শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

| ২৪ মাঘ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ : জামায়াত আমির

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২২:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ : জামায়াত আমির

- ফাইল ফটো

‎‎জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র দখল করতে আসে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। ইনসাফের পক্ষে দাঁড়ানো কোনো অপরাধ নয়। মামলা করতে এলে বলবেন, শফিকুর রহমানের নামে মামলা করুন। ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ।

শুক্রবার ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। ‎‎বক্তব্যের শেষে তিনি ঝালকাঠি–১ ও ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে তাঁদের হাতে দলীয় প্রতীক তুলে দেন।

শফিকুর রহমান বলেন, এই দেশে আর দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারি চলবে না। বিগত শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা জনগণের, দেশের মানুষের হক। এই অর্থ উদ্ধারে আমরা রাষ্ট্রীয়ভাবে লড়াই শুরু করব। প্রয়োজনে মুখের ভেতর থেকে পেট পর্যন্ত ঢুকিয়ে হলেও দেশের টাকা আদায় করে আনা হবে। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।

জামায়াতের আমির বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি ঝালকাঠির গর্ব। এই জনপদের সাহসী ও প্রতিবাদী সন্তান ছিল। সে কোনো ব্যক্তি বা দলের নয়, পুরো জাতির গর্বের সন্তান। হাদি দুটি স্বপ্ন বুকে ধারণ করেছিল—একটি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ, আরেকটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াই করতে গিয়ে সে জীবন দিয়েছে। ইনশা আল্লাহ, আমরা সরকার গঠন করতে পারলে হাদি হত্যার বিচার অবশ্যই করা হবে।

‎‎জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন (হেলাল), ঝালকাঠি–২ আসনের প্রার্থী এস এম নেয়ামুল করিম, ঝালকাঠি–১ আসনের প্রার্থী ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান (ইরান) প্রমুখ।