পবিত্র রমজান উপলক্ষ্যে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ১৮ ফেব্রুয়ারি, বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
গত ৩০ ডিসেম্বর প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা সংশোধিত করে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুলবিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে এসব শিক্ষা প্রতিষ্ঠান।
এর আগে গত রবিবার এক রিটের প্রেক্ষিতে গতকাল ১৮ ফেব্রুয়ারি থেকেই সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরে হাইকোর্টের এই আদেশ গত সোমবার আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছিল।
