বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

| ৬ ফাল্গুন ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে বছরে ভর্তি ফি নেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে বছরে ভর্তি ফি নেওয়া যাবে না

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা, ২০২৬’ অনুযায়ী, এখন থেকে কোনো শিক্ষার্থীকে একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি ফি দিতে হবে না।

গত ৯ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে- কোনো প্রতিষ্ঠানে আগে থেকেই অধ্যয়নরত শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা অনুসরণ করে নিয়মিত টিউশন ফি আদায় করা যাবে। নির্ধারিত খাত ও হারের বাইরে অন্য কোনো নামে বা অন্য কোনো উপায়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে না।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত ক্যাশবইয়ে সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত হিসাবরক্ষণ পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক।