সারাদেশে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধাবৃত্তি ও সাধারন বৃত্তি মিলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তি পেয়েছেন মোট ৬৮ হাজার ৭৬৮ শিক্ষার্থী। বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাদেশের ৯টি সাধারণ বোর্ডে ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে মেধাবৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ জন। সাধারণ বৃত্তি পেয়েছে ৩১ হাজার ৫০০ জন শিক্ষার্থী। মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ৪৫০ টাকা অনুদান পাবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল অষ্টম শ্রেণিতে ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৫৪ জন মেধাবৃত্তি এবং ৭ হাজার ৮২৬ জন সাধারণ বৃত্তি পেয়েছে। ইবতেদায়ী পঞ্চম শ্রেণিতেও ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের জেএস ও জেডি (ভোকেশনাল) শাখায় মোট ২০৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ৮৯ জন মেধাবৃত্তি এবং ১১৯ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ অনুষ্ঠানে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে কিন্ডারগার্টেন স্কুলও। গত বছরের বৃত্তি পরীক্ষাটি এ বছর নিয়ে নেয়া হবে। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য থাকবে ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেনের জন্য ২০ শতাংশ।
