শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

| ১ কার্তিক ১৪৩৩

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ভেঙ্গে দেয়া হল কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন

ক্যাম্পাস বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০১, ১৬ অক্টোবর ২০২৬

ভেঙ্গে দেয়া হল কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেয়া হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী শাখা কার্যালয়ে গত ১৪ অক্টোবর সংঘটিত ঘটনা এবং উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনার জন্য গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে সংঘটিত ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর মধ্যে রয়েছে- বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নং ধারার ৩ নং উপধারার 'চ' অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নং ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেয়া হয়েছে। 

এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরী সংগঠন পরিচালিত হবে। 

কুমিল্লা মহানগরী সংগঠন কেন্দ্রের পক্ষ থেকে তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

গত ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- সংগঠনের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

কমিটিকে আগামী ১ সপ্তাহের মধ্যে আমীরে জামায়াতের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিবেন।

তদন্ত প্রতিবেদন জমার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।