সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

| ১০ কার্তিক ১৪৩৩

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সাংবাদিক বশির বাবুকে জেল খাটানোর হুমকি, ডিআরইউর উদ্বেগ 

ক্যাম্পাস বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ২৫ অক্টোবর ২০২৬

সাংবাদিক বশির বাবুকে জেল খাটানোর হুমকি, ডিআরইউর উদ্বেগ 

ছবি : সাংবাদিক বশির হোসেন বাবু

দৈনিক জনবাণীর বিশেষ প্রতিনিধি বশির হোসেন বাবুকে মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বশির হোসেন বাবুর উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ডিআরইউ।

রবিবার (২৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, জনস্বার্থে সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন ভয়ভীতি, হুমকি কিংবা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। স্বাধীন সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। 

সাংবাদিক বশির হোসেন বাবুর অভিযোগ, শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া তাঁকে মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দিয়েছেন। এ অভিযোগের প্রেক্ষিতে ডিআরইউ নেতারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করা অপরিহার্য। একইভাবে সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন কিংবা তাঁর পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

বিবৃতিতে সাংবাদিক বশির হোসেন বাবুর অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দেশে স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার অনুকূল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।