এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এখন একাদশ শ্রেণিতে ভর্তির পালা। তবে এবার একাদশে ভর্তিতে আসন নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের দুশ্চিন্তার কারণ নেই। কারণ, একাদশে ভর্তিতে মোট আসনের তুলনায় এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও কম। ফলে সব উত্তীর্ণ শিক্ষার্থী একাদশে ভর্তি হলেও সারা দেশে কয়েক লাখ আসন ফাঁকা থাকবে। তথ্যমতে- এসএসসি ও সমমান উত্তীর্ণ সব শিক্ষার্থী ভর্তির পরও সারাদেশে কলেজ মাদ্রাসা ও কারিগরী প্রতিষ্ট প্রায় ১৮ লাখ আসন ফাঁকা থাকবে। শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
বরাবরের মতো এবারও লটারি বা ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশে শিক্ষার্থী ভর্তি করা হবে। অর্থাৎ শিক্ষার্থীর স্কোর বা জিপিএ এবং পছন্দক্রমের ভিত্তিতে কলেজে আসন বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে পুরো ভর্তি কার্যক্রম।
চলতি বছরে সারাদেশে এসএসসি ও সমমানে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার সচিব অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার জানান, কারিগরী শিক্ষা বোর্ড ব্যতীত উচ্চ মাধ্যমিকে মোট ভর্তিযোগ্য আসন রয়েছে ২৫ লাখ ৯০ হাজার ৩৮৭ টি। এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন বলেন, কারিগরীতে একাদশ ও সরকারি-বেসরকারি পলিটেকনিকে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় পাঁচ লাখ। কিন্তু প্রায় ২৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি স্থগিত করা হবে এবার। সেক্ষেত্রে কারিগরীতে সবমিলে ভর্তিযোগ্য আসন থাকবে প্রায় সাড়ে তিন লাখ। সে হিসেবে সবমিলে ভর্তিযোগ্য আসন মোট প্রায় ২৯ লাখ। এসএসসি ও সমমানে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি শেষে আসন ফাঁকা থাকবে প্রায় ১৮ লাখ।
