বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

| ২১ মাঘ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

র‌্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬

র‌্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‍্যাবের নাম পরিবর্তনে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম নতুনভাবে শুরু। পোশাকও পরিবর্তন হচ্ছে। হয়তো পরবর্তী সপ্তাহেই নতুন পোশাকে দেখা যাবে।

তিনি আরও বলেন, দেড় বছরে র‍্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে। অনেকে আশাবাদী ছিলেন র‌্যাবের নাম পরিবর্তন করা হবে, সে জন্য নাম পরিবর্তন করা হয়েছে।

এই পরিবর্তনের কারণে নির্বাচনে প্রভাব পড়বে কি না, সে বিষয়ে তিনি বলেন, টিআইবি তাদের কনসার্ন জানিয়েছে। এখন পুলিশের মনোবল, কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। সুতরাং এ কারণে নির্বাচনে কোনো ধরনের অসুবিধা হবে না।

কবে থেকে কার্যক্রম শুরু হচ্ছে, তা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষায়িতে এই ইউনিটের পোশাকেও পরিবর্তন আসছে। ইতোমধ্যেই পোশাক বানানো শুরু হয়েছে। পরবর্তী সপ্তাহে নতুন পোশাকে এসআইএফ সদস্যদের দেখা যাওয়ার সম্ভাবনা আছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি মন্তব্য করে বলেন, অনেকে ‘র‍্যাব’ নামটিকে খারাপ মনে করত।