বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেছেন, বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে। আগামী ১২ তারিখ বাংলাদেশে এক নতুন সূর্যের উদয় হবে। সেদিন এ দেশের সচেতন জনগণ সকল প্রকার চাঁদাবাজ ও নারী নিপীড়কদের চূড়ান্তভাবে লালকার্ড দেখাবে।
নারী হত্যা এবং দেশব্যাপী অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে ১ ফেব্রুয়ারি, রবিবার রাজধানীতে অনুষ্ঠিত বিক্ষোভ-উত্তর সমাবেশে এসব কথা বলেন তিনি। গাজীপুরে ছাত্রদল কর্তৃক নারী হত্যা এবং দেশব্যাপী বিএনপি ও তার অঙ্গসংগঠনের অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর এর আয়োজন করে।
সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাকা মহানগর পূর্ব সভাপতি ও ডাকসুর পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ-উত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ।
শিবির সেক্রেটারি বক্তব্যে আরও বলেন, দেশে যখন এক নতুন ধারার রাজনীতির সূচনালগ্ন উপস্থিত, ঠিক তখনই একটি দল দেশকে নিয়ে পুনরায় গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। দলটি দেশজুড়ে হত্যা, নারী নির্যাতন ও পৈশাচিক অত্যাচারে লিপ্ত হয়েছে। তারা দেশের প্রতিটি জনপদে নারীদের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ছে।
কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান সমাবেশে বলেন, বিগত ১৮ মাসে বিএনপির সন্ত্রাসীরা অসংখ্য নারীকে ধর্ষণ করেছে, যার মধ্যে অন্তত ৮৭টি ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারা ২৩১ জন মানুষকে হত্যা করেছে এবং সারা দেশে হাজার হাজার স্থানে চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় গাজীপুরে এক নারী ব্যবসায়ীকে তারা ছুরিকাঘাতে হত্যা করেছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে দলটি মজলুম থেকে জালিমে রূপান্তরিত হয়েছে।
