ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জাতীয় ৯ম পে-স্কেল দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে তারা বলেন, “ত্রয়োদশ নির্বাচনের আগে ৬ ফেব্রুয়ারির মধ্যেই ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ করতে হবে নয়তো আমরা একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।”
মানববন্ধনে এস্টেট অফিস প্রধান উপ-রেজিস্ট্রার মোহা. আলাউদ্দিন বলেন, “২০১৫ সালে পে-স্কেল দিয়েছিল কিন্তু ১১ বছর পার হয়ে গেলেও আমরা তা পাইনি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আমাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। ৫ই আগস্টের পর এই সরকার পে-স্কেল কমিশন গঠন করেছিল কিন্তু কোনো অদৃশ্য শক্তির কারণে তা কার্যকর হয়নি।”
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো. ফারুকুজ্জামান খান বলেন, “গত সরকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির পাশাপাশি বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে তা রাখেনি। এত বড় বিপ্লবের পর সরকার জানুয়ারিতে পে-স্কেলের আশ্বাস দিয়ে তা রাখেনি। ২৫ লাখ কর্মচারীদের ন্যায্য দাবির জন্য আজ রাস্তায় নামতে হচ্ছে।”
