শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শূন্যপাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমপিওর সব সুবিধা নেবে অথচ একজন শিক্ষার্থীও পাস করবে না, তা হতে দেয়া যায় না। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের (ইআরআই) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, জোর করে কাউকে যেমন পাস করানো যায় না, তেমনি জোর করে ফেলও করানো যায় না। যারা এবার ভালো করতে পারেনি, তার দায় শুধু শিক্ষার্থীদের নয়, এই দায় তিনি নিজের কাঁধেও নিচ্ছেন বলে জানান।
মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার কোথায় ‘ডিফেক্ট’ বা ত্রুটি রয়েছে, প্রকৃত মান কেমন এবং সঠিক উপাত্ত কী—তা নিরপেক্ষভাবে খুঁজে বের করতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, যত্রতত্র আর কোনো নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেয়া হবে না। বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মান বাড়াতেই এখন কাজ করা হচ্ছে। ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজে নেমেছি। শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। গত ২০ বছরে আমরা পেছনের দিকে গিয়েছি।
