ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের লোগো
আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ছয়টি বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। ১ অক্টোবর, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিষয় অনুমোদন দিয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে।
অনুমোদন পাওয়া এসব বিভাগের মধ্যে রয়েছে- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডেটা সাইন্স, এগ্রিকালচার, মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি, হিসাববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও জনস্বাস্থ্য বিভাগ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে- আসন্ন শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। এছাড়া গুচ্ছ ভর্তির কেন্দ্র হিসেবেও কাজ করবে এ বিশ্ববিদ্যালয়।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল বলেন- সরকার ছয়টি বিভাগ অনুমোদন দিয়েছে এ বিশ্ববিদ্যালয়ে। প্রতিটি বিষয়ে ৪০ থেকে ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আদর্শ সুনাগরিক ও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে যোগ্য গ্রাজুয়েট তৈরিতে বদ্ধপরিকর।
উপাচার্য ড. ইস্রাফীল আরো বলেন- বিশ্ববিদ্যালয় কে এমন ভাবে পরিচালনা করতে চাই যেন গ্রাজুয়েট হওয়ার পর কোন শিক্ষার্থী বেকার না থাকে। দেশ ও বিদেশের চাহিদা মাফিক গ্রাজুয়েট তৈরি করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
