রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

| ১৯ মাঘ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী : রিজভী

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, কারাগারে থাকতে শেখ হাসিনা খালেদা জিয়ার খাবারে বিষ মিশিয়ে হত্যার চক্রান্ত করেন। তিনি সঠিক চিকিৎসা পাননি। তাই তাকে ধুঁকে ধুঁকে মরতে হয়েছে। তার মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী। তবে কঠিন পরিস্থিতিতেও ফ্যাসিবাদের কাছে মাথা নত করেননি খালেদা জিয়া। তাই মানুষের ভালোবাসা নিয়ে হিমালয়ের মতো মাথাউঁচু করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারেরের সামনে ভাসানী জনশক্তি পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাসানী জনশক্তি পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু।

রিজভী বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে জামায়াতের বটবাহিনী। অথচ তাদের নেতারা মন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়ার বদান্যতায়। তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন জিয়াউর রহমান। তারা এরশাদের অধীনে নির্বাচনে না গেলে স্বৈরশাসন দীর্ঘায়িত হতো না। সেই তারাই এখন বিএনপির বিরুদ্ধে সাইবার বুলিং করছে।

তিনি বলেন, জামায়াত প্রযুক্তির মাধ্যমে মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আর তারেক রহমান বিগত দিনে বিদেশে থাকলেও মানুষকে সংগঠিত করেছে।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছেন। গণতন্ত্রের পতাকার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।

রিজভী বলেন, দেশের মানুষের জন্য বছরের পর বছর নির্যাতন সহ্য করেছেন বেগম খালেদা জিয়া। কিন্তু তারপরও ফ্যাসিবাদের কাছে মাথানত করেননি। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। চাইলে তিনি নীরবে শান্তিতে দিন কাটাতে পারতেন। কিন্তু জনগণের জন্য রাজনীতিতে সক্রিয় ছিলেন। জিয়াউর রহমান গণতন্ত্রকে উদ্ধার করেছেন। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি কারও কাছে মাথানত করেননি।

রিজভী আরও বলেন, যারা এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলেছেন, চব্বিশ ঘণ্টার মধ্যেই তারা নির্বাচনে গেছেন। কিন্তু বেগম খালেদা জিয়াকে কিনতে পারেননি এরশাদ। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়নি। তিনি দেশের বৃক্ষ, নদী ও পানি ভালোবাসতেন বলে দেশ ছেড়ে পালিয়ে যাননি।

সভায় আরও বক্তব্য রাখেন– ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. ইউসুফ সেলিম ও জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদ প্রমুখ।