সোমবার, ১০ আগস্ট ২০২৬

| ২৬ শ্রাবণ ১৪৩৩

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সামসুল হক খান স্কুলে জিপিএ -৫ পেল ৭৯৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫০, ১০ আগস্ট ২০২৬

সামসুল হক খান স্কুলে জিপিএ -৫ পেল ৭৯৩ জন

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। চলতি বছরে এসএসসি পরীক্ষার ফলাফলে ৯৯ দশমিক ৫৯ শতাংশ পাশ করেছে। জিপিএ -৫ পেয়েছে ৭৯৩ জন।উত্তীর্ণদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭৫৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭ ও মানবিক বিভাগ থেকে ১২ জন জিপিএ -৫ অর্জন করে। ইংলিশ ভার্সন থেকে জিপিএ -৫ পেয়েছে ৭৮ জন। ফল প্রকাশের পর আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণে প্রতিষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। উল্লাসে মেতে ওঠেন কৃতি শিক্ষার্থীরা। 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য  বলেন, এই কৃতী শিক্ষার্থীদের আমরা সযত্নে গড়েছি। তারা দারুণ মেধাবী এবং একইসঙ্গে তারা স্মার্ট শিক্ষার্থী। আমাদের আস্থা ছিল, এসএসসিতে তারা আকাঙ্ক্ষিত ফল অর্জন করতে সক্ষম হবে । পরীক্ষার হলে কঠোর শৃঙ্খলা আরোপিত হলেও আমাদের পরীক্ষার্থীরা ঘাবড়ে যায়নি।  

বিজ্ঞান বিভাগের গোল্ডেন এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী তাকিয়ার বাবা মো. তরিকুল ইসলাম মেয়ের ফলাফলে অভিভূত হয়ে বলেন, আমার মেয়ের জীবনে অভাবিত সাফল্য এনে দিয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানে ক্লাসের আগে-পরে নিয়মিত বিশেষ ক্লাসের কারণেই এমন অভূতপূর্ব সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। 

মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। এছাড়া প্রতিষ্ঠানের নবনির্বাচিত গভর্নিং বডির সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. সেলিম মিয়া, মোহাম্মদ আলী, মো.সাইফুল ইসলাম মানিক, মো.আব্দুল আজিজ ও দাতা সদস্য মো. সোহরাব হোসেন প্রমুখ উত্তীর্ণদের শুভেচ্ছা জানান।  

প্রসঙ্গত- ২০২৫ সালেও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এসএসসিতে শতকরা পাশের  হার ছিলো ৯৪.৬৪ শতাংশ ও জিপিএ -৫ ছিলো ৬৩৫ টি। ২০২৫ সালে এইচএসসিতে ৪২৩ জিপিএ -৫ সহ পাশের শতকরা হার ছিল ৯৯.৯১ শতাংশ। শুধু এসএসসি ও এইচএসসি নয়, প্রাথমিক ও জুনিয়র পর্যায়েও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্য ছিল নজরকাড়া। ২০২৫ সালে প্রাথমিকে ৩১ জন ট্যালেন্টপুল ও ৫৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।জুনিয়র বিভাগে ৮৫ জন ট্যালেন্টপুল ও ১৬৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।