এসএসসি পরীক্ষার ফলাফলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৭৮২ পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন পরীক্ষার্থী ফেল করেছেন। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, বনশ্রী ক্যাম্পাসের অভিভাবক ফোরাম সভাপতি মো. আহসান উল্ল্যা মানিক, মুগদা ক্যাম্পাসের ফোরামের আহবায়ক আ স ম আলমগীর এক যুক্ত বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মান দিন দিন অবনতি ঘটছে। শ্রেণিকক্ষে শিক্ষকরা আন্তরিকতার সাথে শিক্ষাদান না করে নিজস্ব কোচিং সেন্টারে সময় দিচ্ছেন। আগে এই স্কুলের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছেন কিন্তু লেখাপড়ার মানের অবনতিতে গত দুইবছর যাবত ফেলের সংখ্যা অত্যধিক হারে বৃদ্ধি পেয়েছে।
তারা বলেন, গতবছর এসএসসি পরীক্ষার ফলাফলে এই স্কুলের ৫৪ জন ফেল করেছিল আর এবছর ৫৯ জন ফেল করেছে। দিন দিন ফেলের সংখ্যা বাড়ছেই। অথচ এসএসসি পরীক্ষার ফল ভালো করতে এবং শতভাগ পাসের নিশ্চয়তায় গতবছর শিক্ষক কর্মচারিদের জন্য সরকারের অনুমোদিত খাতের বাইরে স্কুলের নিজস্ব ফান্ড থেকে কোটি কোটি টাকা শিক্ষকদেরকে উৎসাহ বোনাস দেয়া হয়েছিল। কিন্তু শিক্ষকরা তার যথাযথ দায়িত্ব পালন করেনি।
